বড়লেখায় সুবিধা বঞ্চিতদের মাঝে জনতা ব্যাংকের খাদ্য বিতরণ

প্রকাশিত April 25, 2022
বড়লেখায় সুবিধা বঞ্চিতদের মাঝে জনতা ব্যাংকের খাদ্য বিতরণ

সাবেক যুগ্মসচিব ও জনতা ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরীর সৌজন্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল গ্রামে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে এলাকার সুবিধা বঞ্চিত ৪ শতাধিক মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার রাতে জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো আব্দুল ওয়াদুদের উপস্থিতিতে মেশকাত আহমেদ চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
তিনি বলেন, সবার সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত। ধনীদের সম্পদের উপর গরীবের হক রয়েছে। তাদের প্রতি নৈতিক ও সামাজিক দায়বদ্ধতাও আছে। তাই এ বিষয়গুলো বিবেচনা করে দরিদ্র মানুষের জন্য কাজ করতে হবে। সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের উন্নয়ন হলে সমাজ ও দেশের প্রকৃত উন্নয়ন হবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো নূরুল মোস্তফা, সাবেক প্রধান শিক্ষক গোলাম মহিব চৌধুরী, জনতা ব্যাংক লিমিটেড মৌলভীবাজারের সহকারী মহাব্যবস্থাপক মো আবদুল হামিদ, বড়লেখা শাখার ব্যবস্থাপক পিযূষ কান্তি দাস ও বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মো জিয়াউর রহমান।-সংবাদ বিজ্ঞপ্তি