নিজস্ব প্রতিবেদক : সিলেট ও সুনামগঞ্জের জাফলং, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, শ্রীপুর, উৎমাছড়া, যাদুকাটা ও মাহারাম নদী সহ বিভিন্ন স্থানে পরিবেশ ও প্রকৃতি ধ্বংসকারী বোমা মেশিনের ব্যবহার বন্ধ সহ ৯ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের পরিবেশবাদী বিভিন্ন নাগরিক সংগঠনের উদ্যোগে বিভাগীয় কমিশনারের মাধ্যমে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বাক্ষরযুক্ত এই স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখিত অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, বোমা মেশিনের তাণ্ডবে ভূ-প্রকৃতির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, বোমা মেশিনের মাধ্যমে প্রকৃতি ধ্বংসকারী চক্রের তালিকা প্রণয়ন ও বিচারের মুখোমুখি করা, প্রয়োজনে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা, যত্রতত্র পাথর উত্তেলনকারী লুটেরাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা, পাথর কোয়ারিতে অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত ও নিহত শ্রমিক পরিবারগুলোকে চিহ্নিত অবৈধ পাথর উত্তোলনকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেয়া, দরিদ্র শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দেয়ার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে হত্যা মামলার বিচার দ্রুত শেষ করা, পিয়াইন, ডাউকি ও রানাপিং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, প্ররিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলংয়ের জন্য বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং ভোলাগঞ্জ, বিছানাকান্দি, শ্রীপুর, উৎমাছড়া, লোভাছড়া ও যাদুকাটা নদী এলাকাকে পর্যটন উপযোগী স্থান হিসাবে সংরক্ষণ করা।