সিলেটের বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে।
পৌরসভার খাসা পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা জানতে পেরে গত তিনদিন ধরে ডাকাতদলের পিছনে লাগে কয়েকজন পুলিশ সোর্স। পাশাপাশি পুলিশ প্রযুক্তির সহায়তায় ডাকাতদেরকে নজরে রেখেছিল।
মঙ্গলবার রাত ৮টার দিকে খাসা এলাকায় আসার পর আগে থেকে ওৎপেতে থাকা বিয়ানীবাজার থানা পুলিশ ডাকাতদের বহনকারী মাইক্রোবাসের গতিরোধ করে। এসময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ তাদের নিকট থেকে দুইটি বন্দুক, একটি রিভলবার, ১৪টি কার্তুজ, ৩টি রাম দা ও অত্যাধুনিক কাটারসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।