হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে ইসলাম উদ্দিন হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমানসহ ৪ আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দেয়ায় বাদির নারাজির আবেদনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত শুরু করেছে।
২০১৭ সালের ১ সেপ্টেম্বর উপজেলার হলদারপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক শেখরুল মিয়ার নামে বরাদ্দ কার্ড নিয়ে সরকারি সহযোগিতার চাল ও নগদ টাকা আনতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে যান তার ভাই সিরাজ মিয়া। এ সময় চেয়ারম্যান জানান, যার কার্ড তাকেই আসতে হবে। সিরাজ মিয়া তখন শেখরুল মিয়ার বিদেশ চলে যাবার কথা জানালেও হাবিবুর রহমান সহায়তা দিতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কাটাকাটি হয়। এর জের ধরে হামলা ও সংঘর্ষে গুরুতর আহত হন কয়েকজন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসলাম উদ্দিন নামের একজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইসলাম উদ্দিনের বড়ভাই নূর উদ্দিন বাদি হয়ে চেয়ারম্যান হাবিবুর রহমানকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে বানিয়াচঙ্গ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হক দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবছরের ২ মার্চ; কিন্তু তাতে চেয়ারম্যান হাবিবুর রহমান, তার ভাই হাফিজুর রহমান, চাচাতো ভাই ফারুক মিয়া ও ভাতিজা মিজানুর রহমানের নাম না থাকায় এর বিরুদ্ধে বাদি আদালতে নারাজি দেন।
এর পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি তদন্তে পিবিআইকে নির্দেশ দিলে পরিদর্শক মাইনুল ইসলামের নেতৃত্বে সংস্থার একটি বিশেষ দল হলদারপুর গ্রামে গিয়ে সাক্ষ্য গ্রহণ করেছে।