নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, অনলাইন গণমাধ্যম ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনন্য ভূমিকা রাখছে। আর তথ্য প্রযুক্তি সেবাও এখন জনগণের দোরগোড়ায়। বিশ্বদরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। পুরো বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।
শনিবার রাতে সিলেট অনলাইন প্রেসক্লাবের ৫ জন সদস্য ও সহযোগী সদস্যের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ। সভাপতিত্ব করেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী। সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সহ সভাপতি গুলজার আহমদ হেলাল ও কোষাধ্যক্ষ মেহেদী কাবুল।
জেলা প্রশাসক আসন্ন সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি আল আজাদ বলেন, অনলাইন গণমাধ্যম অত্যন্ত স্পর্শকাতর। তাই সবসময় সর্তক ও সাবধান থাকতে হবে।
সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন, প্রকৃত সাংবাদিকদের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন কোন সমস্যা নয়।