বঙ্গবীরের সার্থক জীবনকাহিনী নতুন প্রজন্মকে জানানোর আহ্বান

প্রকাশিত September 2, 2018
বঙ্গবীরের সার্থক জীবনকাহিনী নতুন প্রজন্মকে জানানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক : মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু অত্যন্ত দূরদর্শী নেতা ছিলেন বলেই বঙ্গবীরকে অবসর জীবন যাপন করতে না দিয়ে রাজনীতিতে নিয়ে এসেছিলেন, যাতে দেশমাতৃকার এই বীর সন্তান প্রিয় স্বদেশের পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গার লড়াইয়ে নেতৃত্ব দিতে পারেন।
বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে রবিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বঙ্গবীরের সার্থক জীবনকাহিনী নতুন প্রজন্মকে জানানোর উপর গুরুত্ব আরোপ করেছেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অন্যতম সংবিধান প্রণেতা ব্যারিস্টার আমিরুল ইসলাম। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের আহ্বায়ক সাবেক সেনা প্রধান জেনারেল হারুন উর রশীদ বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক। স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।