পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের দোয়া

প্রকাশিত October 9, 2022
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের দোয়া

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত উলামা মাশায়েখদের নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় সুন্নী উলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার বিকেলে সিলেট মহানগরী আম্বরখানায় হযরত হাসান-হোসাইন (রা) মাদরাসা ও এতিমখানায় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জাতীয় সুন্নী উলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।
সংগঠনের সিলেট জেলা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ফাজিল মাদরাসার ইংরেজি প্রভাষক ফজলুল হক, মহানগর শ্রমিক লীগের সহসভাপতি মাওলানা মো সালাউদ্দিন একরাম ও তালুকদার গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো ইমতিয়াজ কামরান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী বলেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ‘হে নবী (সা) আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি।’
তিনি বলেন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো একটি বিশেষ দল বা সম্প্রদায়ভুক্ত নবী ছিলেন না এবং তিনি ছিলেন সমগ্র বিশ্বের মানুষের জন্য নবী। কারণ তার পর দুনিয়ায় আর কোনো নবীর আগমন ঘটবে না।–সংবাদ বিজ্ঞপ্তি