নিরাপত্তার দাবিতে সারাদেশের মতো সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জেও পরিবহণ ধর্মঘট

প্রকাশিত August 3, 2018
নিরাপত্তার দাবিতে সারাদেশের মতো সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জেও পরিবহণ ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তার দাবিতে সারাদেশের মতো সিলেটেও শুক্রবার সকাল থেকে পরিবহণ ধর্মঘট চলছে। ফলে বন্ধ রয়েছে সবধরনের বাস চলাচল। সিলেট থেকে কোন বাস কোথাও ছেড়ে যায়নি। অন্যান্য যানবাহনও রাস্তায় তেমন দেখা যাচ্ছেনা।
তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে; কিন্তু টিকেট মিলছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকে সময়মতো গন্তব্যে পৌঁছতে না পারায় মারাত্মক বিপাকে পড়েছেন।
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জেও পরিবহণ ধর্মঘট চলছে। ফলে সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রান্তিক এই জেলা। এতে মানুষের দুর্ভোগের শেষ থাকছেনা।
সুনামগঞ্জ পরিবহণ মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক জানান, বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। নিরাপত্তা নেই যান চালকদেরও। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
হবিগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় হবিগঞ্জেও পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ বাস, ট্রাক ও লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী জানান, রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারাদেশে আন্দোলনের নামে বাস ভাংচুর করছে শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে ভাংচুর করা ৩ শতাধিক বাস। চালকদের ড্রাইভিং লাইন্সেস যাচাই করছে শিক্ষার্থীরা। মারধর করছে শ্রমিকদের। তাই নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস, ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকবে।