নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে; কিন্তু বাড়ানো হয়নি লোকবল। মাত্র ৫ জন ডাক্তার দিচ্ছেন চিকিৎসাসেবা। ফলে রোগীরা এ হাসপাতালে প্রত্যাশা অনুযায়ী চিকিৎসা পাচ্ছেননা।
নবীগঞ্জ উপজেলার লোকসংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ। এছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার মানুষ এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। প্রতিদিন বহির্বিভাগে রোগীর সংখ্যা দাঁড়ায় ৩০০ থেকে ৩৫০। শয্যাও খালি থাকেনা।
এ হাসপাতালে যেখানে ২২ জন ডাক্তার থাকার কথা সেখানে মাত্র ৫ জন এত রোগীকে সেবা দিতে গিয়ে হিমসিম খাচ্ছেন। এছাড়া অন্যান্য পদেও জনবল সংকট রয়েছে।
তবে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। প্রতিমাসে স্বাভাবিক প্রসব হচ্ছে শতাধিক। এ ক্ষেত্রে জেলায় কয়েক বছর ধরে প্রথমস্থান ধরে রেখেছে এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি।
নিরাপত্তার স্বার্থে এ হাসপাতালে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সৌন্দর্য্য বর্দ্ধনে সকল কর্মকর্তা-কর্মচারীর অর্থায়নে গড়ে তোলা হয়েছে ফুলের বাগান। রোগীদেরকে অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে প্রতিদিন সকালে ও রাতে দেয়া হচ্ছে স্বাস্থ্য শিক্ষা। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন। রয়েছে নিরাপদ পানির ব্যবস্থা। নবজাতকের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র চালুর পক্রিয়াও চলছে। এ অবস্থায় চিকিৎসক সংকট দূর করা হলে চিকিৎসাসেবা আরো বেশি দেয়া সম্ভব বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা গোলাম মোস্তফা জানিয়েছেন।