নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে যুক্তরাজ্য প্রবাসী আখলাক চৌধুরীর মা মালা বেগম ও স্ত্রী রুমি বেগম হত্যার কারণ এখনো স্পষ্ট হয়নি। তবে কারণ উদঘাটনে কাজ করছে থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। অন্যদিকে এলাকাবাসী অবিলম্বে হত্যকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
উপজেলার সাদুল্লাপুর গ্রামে রবিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে ৫ জনকে আটক করেছে। মা ও স্ত্রী হত্যার খবর পেয়ে দেশে ছুটে এসেছেন আখলাক চৌধুরী ও তার বড়ভাই আলতাব চৌধুরী। এদিকে সোমবার রাতে রুমি বেগমের ভাই ডা নজরুল ইসলাম বাদি হয়ে নবীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
নির্জন বাড়িতে থাকা বউ-শ্বাশুড়ির এমন পরিণতিতে নানা প্রশ্ন গ্রামবাসীর। অনেকেই মনে করছেন, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দুজনকে। তবে কেউই খুনিদের উদ্দেশ্য সম্পর্কে কোন ধারণা দিতে পারছেননা।
নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। শ্রীঘ্রই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।