হবিগঞ্জ প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদীভাঙ্গন রোধে শুধু বাঁধ দিলেই হবেনা। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য নদীকে শাসন করতে হবে।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ভাঙ্গন কবলিত দীঘলবাঁক এলাকায় কুশিয়ারা নদীর ভাঙ্গন পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ছোটখাটো কাজ করে সমাধান হবেনা। আপাতত বাড়িঘর যাতে আর না ভাঙ্গে সে ব্যবস্থা করা হবে। তবে বর্ষার পরে পুরো প্রকল্পের কাজ শুরু হবে।
জাহিদ ফারুক পরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন। এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান।