হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ে প্রথমবার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
এই বিজ্ঞান মেলাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর। বিশাল শিক্ষা ভবনের বিভিন্ন কক্ষে খোলা ৭০টি স্টলে প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত প্রায় ৩৫০টি প্রজেক্ট প্রদর্শন করে।
এর মধ্যে রেইন এলার্ম, হাইড্রোলিক ক্রেন বা লিফট, স্মার্ট হোম, এটিএম বুথ, মেডিকেল কর্নার, আদর্শ বিদ্যালয়, পলিথিন থেকে জ্বালানি, বাতাস থেকে বিদ্যুৎ ও ওভার লোড ডিকেক্টর সহ বেশ কয়েকটি প্রজেক্ট দর্শকদেরকে বেশি আকৃষ্ট করে।।
বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ গাজী। এ সময় আরো উপস্থিত ছিলেন, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন তালুকদার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমদাদুর রহমান মুকুল।