তাহিরপুরে ৭০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত November 22, 2018
তাহিরপুরে ৭০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামে লাউড় রাজ্যের প্রত্নতত্ত্ব দুর্গ খননের ফলে ৭০টি পরিবার বিপাকে পড়েছে।
এই অসহায় পরিবারগুলোর পুনর্বাসন দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন করা হয়। এতে এসব পরিবারের তিন শতাধিক নারীপুরুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, গ্রামের মুরুব্বি জুনাব আলী, মুক্তিযোদ্ধা সন্তান নূর মোহাম্মদ বুরহান, সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, সৈয়দ আহমেদ, আব্দুন নূর, ফজলুল হক, মাসুদ আক্তার ও ডা হাবিবুর রহমান।
বক্তারা বলেন, একহাজার বছর আগে তৎকালীন ভারতবর্ষের বৌদ্ধ সম্প্রদায়, পাল ও সেন বংশের রাজাদের হলহলিয়ায় বসবাস এবং মুঘল ও সর্বশেষ সুলতানি আমলের নিদর্শন পাওয়া গেছে; কিন্তু দীর্ঘদিন ধরে এই গ্রামে বসবাসকারীদের প্রত্নতত্ত্বগুলোর সংরক্ষণ কাজ শুরু আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।