সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং-ডাউকি ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া-ইসিএর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর/২৫ ভাদ্র) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৫ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
অভিযানকালে জাফলং-ডাউকি ইসিএ এলাকার বাউড়ভাগ হাওড়, নন্দিরভাগ হাওড়, চা বাগান, ঝুমপাড় ও জিরো পয়েন্ট এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে ব্যবহৃত ১০টি ড্রেজার মেশিন, ৬টি এক্সকেভেটর, ৫টি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি শ্যালো মেশিন ও ৫টি ব্যাটারি ধ্বংস করা হয়। এছাড়া ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো আবুল কালাম আজাদ জানান, সিলেট বিভাগের অধীন জেলাসমূহে শব্দদূষণকারী ও অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির ও বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। পিআইডি