নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতি বুধবার জাতীয় শোক দিবস পালন করেছে। গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে জনককে। একই সাথে পনেরোই আগস্টের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে এসে সাজা কার্যকর করার দাবিও জানিয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে সকাল ১০টায় ছিল কেন্দ্রীয় শহিদমিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। জেলা প্রশাসন এর আয়োজন করে।
সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে সর্বস্তরে মানুষের ঢল নামে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্তি বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব ও আজম খান, পুলিশের উপম মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামান ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান সহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকে।