হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহীন মিয়া নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় তার বাবা কাছম আলী গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা জানান, উপজেলার মিরাশী ইউনিয়নের কালেঙ্গা গ্রামে জমি নিয়ে প্রতিবেশী মঈন উদ্দিনদের সাথে কাছম আলীর দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে মঙ্গলবার বিকেলে কাছম আলীর সাথে মঈন উদ্দিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাছম আলীর উপর হামলা চালায়। বাবাকে বাঁচাতে শাহীন মিয়া এগিয়ে এলে তার উপরও হামলা চালানো হয়। তাদেরকে ক্ষতবিক্ষত করে চলে যায় প্রতিপক্ষ। পরে আশেপাশের লোকজন তাদেরকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা ৭টার দিকে সেখানে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শাহীন মিয়াকে মৃত ঘোষণা করেন।
শাহীন মিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।