নিজস্ব প্রতিবেদক : একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা মামলার রায়ে সিলেটে আওয়ামী পরিবারের সদস্যরা সন্তুষ্ট হননি।
বুধবার দুপুরে রায় ঘোষণার পর পর সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ এই অসন্তোষ প্রকাশ করে বলেন, এত বড় একটি হত্যাকাণ্ডের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ফাঁসি প্রত্যাশিত ছিল।
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে এই জঘন্য হামলা চালানো হয়। তখনকার বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সভাপতির ভাষণ দিচ্ছিলেন।
এ নৃশংস হামলায় আওয়ামী লীগের শীর্ষনেতা আইভি রহমান সহ ২৪ জন নেতাকর্মী নিহত হন। আহত হন ৩ শতাধিক। এর মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দও ছিলেন।
প্রায় ১৪ বছর পর রায় ঘোষিত হবার পর জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগলোর নেতাকর্মীরা জেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হন।
সমাবশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ সহ অন্যান্য নেতা।