নিজস্ব প্রতিবেদক : ইনডিপেনডেন্ট টেলিভিশন আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় দেশব্যাপী ‘বাংলাদেশ জিজ্ঞাসা’ নামে কুইজ শো শুরু করেছে। এর মধ্য দিয়ে একজন কোটিপতি বনে যাবার সুযোগ পেয়ে যাচ্ছেন।
ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে কুইজ শোর প্রাথমিক বাছাই। শুক্রবার সিলেট সহ দেশের বিভাগীয় সদরগুলোতে অনুষ্ঠিত হবে সিলেকশন রাউন্ড। এ পর্যায়ে ঐদিন বিকেল ৪টায় মহানগরীর শাহজালাল উপশহরে বাংলাদেশ ব্যাংক স্কুলে সিলেট অঞ্চলের বাছাইকৃতদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে আহুত সংবাদ সম্মেলনের এ তথ্য জানান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর পারভেজ খান। এ সময় আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা মো হারুন-অর-রশিদও বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও আইএফআইসি ব্যাংক পরিবারের সদস্য ছাড়া সর্বস্তরের সব বয়সী মানুষ কুইজ শোতে অংশ নিতে পারবেন। এতে বিজয়ী পাবেন ১ কোটি টাকা। এছাড়া প্রথম রানার আপ ২৫ লাখ, দ্বিতীয় রানার আপ ১৫ লাখ টাকা ও তৃতীয় রানার আপ ৫ লাখ টাকা পাবেন।
এর বাইরেও পুরস্কার আছে। সবমিলিয়ে ১ কোটি ৭৭ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।