নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নির্বাচিত হলে সিলেটে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। গড়ে তোলা হবে ওয়াইফাই নগরী। প্রতিষ্ঠা করা হবে আইসিটি কেন্দ্র। এছাড়াও নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সবকিছু করা হবে।
সোমবার দুপুরে মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরীর উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে বদর উদ্দিন আহমদ কামরানের মতবিনিময় সভায় একথা বলা হয়।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের প্রধান কাজী সাইফুল ইসলাম, অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান বিউটি নাহিদা সুলতানা ও প্রাক্তন শিক্ষার্থী সাকি শাহ ফরিদী। সঞ্চালনায় ছিলেন, সহকারী প্রক্টর অ্যাডভোকেট আব্বাস উদ্দিন।
বদর উদ্দিন আহমদ কামরান জানান, নগরবাসীর সমর্থন নিয়ে তিনি সিলেটকে নিরাপদ আধ্যাত্মিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চান।