কমলগঞ্জে স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

প্রকাশিত August 14, 2017
কমলগঞ্জে স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ভাণ্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রাবিনা বেগমকে হত্যার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
রবিবার দুপুরে মৌলভীবাজার শহরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। এতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের লোকজন অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে হত্যাকারী দেলওয়ার ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়অ
এ সময় নিহত ছাত্রীর পিতা কায়াম উদ্দিনও উপস্থিত ছিলেন।
নৃ-গোষ্ঠীর কিশোরী রাবিনা বেগম গত ১২ জুলাই থেকে নিখোঁজ ছিলো। এ ব্যাপারে তার পিতা কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ মোবাইলের কল লিস্টের সূত্র ধরে গত ১০ আগস্ট দেলওয়ার নামের এক যুবককে আটক করে। তার স্বীকারোক্তিতে জানা যায়, রাবিনা বেগমকে হত্যা করে লাশ ধলাই নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এ ঘটনায় কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন রাবিনা বেগমের পিতা কায়াম উদ্দিন।