একাত্তরের পরাজিত শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল

প্রকাশিত August 1, 2017
একাত্তরের পরাজিত শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, একাত্তরের পরাজিত শত্রুরা পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল; কিন্তু পারেনি-সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
শোকের আগস্ট উপলক্ষে মঙ্গলবার দুপুরে রেজিস্ট্রারি মাঠ থেকে আওয়ামী লীগের শোক মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, একাত্তর আর পঁচাত্তরের ঘাতকরা নিশ্চুপ নয়। একের পর চক্রান্তের জাল বুনছে। তাই সজাগ থাকতে হবে।
সমাবেশে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেন, দেশী-বিদেশী চক্রান্ত প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে আবার রাষ্ট্রক্ষমতা আনতে হবে।
তিনি বর্তমান সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে ২০০৪ সালে ঘাতক চক্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হত্যা করতে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়েছিল। সিলেটেও একই কায়দায় হামলা চালায়। প্রাণ হারাণ বঙ্গবন্ধু সৈনিক মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া অনেক নেতা এখনো সেই দুঃসহ স্মৃতি বহন করছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, খালেদা জিয়া দেশে বসে ষড়যন্ত্র সফল করতে না পেরে এখন বিদেশে গিয়ে চক্রান্ত পাকাচ্ছেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী সকল চক্রান্ত চুরমার করে দেয়ার আহ্বান জানান।
এরপর বের করা হয় বিশাল শোক মিছিল।
শোক মিছিলটি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়।
এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক মিছিলে যোগ দেন।
পরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।