আবার মেয়র নির্বাচিত হলে পূর্ণাঙ্গ আধুনিক নগরী উপহার দেয়ার অঙ্গীকার আরিফের

প্রকাশিত June 5, 2018
আবার মেয়র নির্বাচিত হলে পূর্ণাঙ্গ আধুনিক নগরী উপহার দেয়ার অঙ্গীকার আরিফের

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এ পদে তিনি আবার নির্বাচিত হলে রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করে একটি পূর্ণাঙ্গ আধুনিক নগরী জনগণকে উপহার দেবেন।
তিনি আরো বলেছেন, পাঁচ বছরের জন্য জনগণ তাকে তাদের মূল্যবান ভোট দিয়ে মেয়র নির্বাচিত করলেও মাত্র দুবছর সময় পেয়ে নগরীর উন্নয়নে নিজেকে সমর্পণ করে তিনি যে উন্নয়ন সাধন করেছেন তা নগরবাসীর সহযোগিতায়ই সম্ভব হয়েছে।
এজন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিসিক মেয়র বলেন, সিলেটকে একটি উন্নত, সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার সময় পাঁচ বছরই যথেষ্ট। পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারলে নগরবাসী সিলেটকে অন্যরূপে দেখতে পারতেন।
মঙ্গলবার দুপুরে মহানগরীর কুমারপাড়া, নয়াড়ক ও চৌহাট্টা সড়ক প্রশস্তকরণ কাজ শেষে প্রায় আড়াই কিলোমিটার রাস্তার উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে তিনি কথা বলছিলেন।
পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তা গতবছরের এপ্রিলে শুরু হয়ে শেষ হয় এ বছরের এপ্রিল মাসে। কুমারপাড়া, নয়াড়ক ও চৌহাট্টা রাস্তার নতুন করে আরো ১৬ মিটার প্রশস্ত করা হয়েছে। ফলে আর যানজট হবে না বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত করেন, নয়াসড়ক মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো সাইফুল্লাহ। এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর শাহানারা বেগম, সচিব মো বদরুল হক, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও নয়াসড়ক মসজিদের মোতয়াল্লি রাজা মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।