২৯শে অক্টোবরের মধ্যে দাবি না মানলে পরদিন থেকে সিলেটে পরিবহণ ধর্মঘট

প্রকাশিত October 20, 2016
২৯শে অক্টোবরের মধ্যে দাবি না মানলে পরদিন থেকে সিলেটে পরিবহণ ধর্মঘট

এমরান আহমদ : দক্ষিণ সুরমা আন্তঃ জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার ও অবৈধ দোকানপাট উচ্ছেদ সহ বিভিন্ন দাবি ২৯শে অক্টোবরের মধ্যে পূরণ না হলে পরদিন ৩০শে অক্টোবর থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট পালন করা হবে।
সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বুধবার বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে।
এতে সভাপতিত্ব করেন জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি জমির উদ্দিন। জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব আবুল কালাম, জেলা মালিক সমিতির সহ সভাপতি মো হেলাল উদ্দিন, মো আব্দুর রহিম, নাজিম উদ্দিন লস্কর, মো সেলিম আহমদ, সহ সাধারণ সম্পাদক মো কয়ছর আহমদ (মাখন), মো শেকু আহমদ, আব্দুল গনি চৌধুরী, অর্থ সম্পাদক মো আমিনুজ্জামান জোয়াহির, মো নজরুল ইসলাম চৌধুরী, মো নাজমুল মিয়া, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক, শ্রমিক নেতা রুনু মিয়া, মানিক মিয়া, বাবরুল হোসেন বাবুল, মো ইলিয়াস মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, অনেকদিন ধবে আন্তঃ জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার, অবৈধ দোকানপাট উচ্ছেদ, শৌচাগার ব্যবহারের উপযোগী করা, নর্দমা ও কারভার্ট নির্মাণ এবং লাইটপোস্ট স্থাপনের দাবিতে কয়েক দফা জেলা প্রশাসক ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়। তারা বাস টার্মিনাল সরেজমিনে পরিদর্শনও করেন; এসব সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।