হবিগঞ্জ থেকে অপহৃত শিশু কিশোরগঞ্জে উদ্ধার ।। আটক ৩ জন

প্রকাশিত November 8, 2016
হবিগঞ্জ থেকে অপহৃত শিশু কিশোরগঞ্জে উদ্ধার ।। আটক ৩ জন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে অপহৃত শিশু তানভীরকে (৭) কিশোরগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।
কিশোরগঞ্জ সদরের আঞ্জুমান আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ৩ জন অপহরণকারীকেও আটক করে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ৫ই নভেম্বর সকাল ১০টার দিকে হবিগঞ্জ পৌরসভার মুরাদপুর এলাকার মাছুম মিয়ার ছেলে ব্লু-বার্ড কিন্ডার গার্টেনের নার্সারির শিক্ষার্থী তানভীরকে অপহরণের পর অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে শিশুটির পিতা মাধবপুর থানায় মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তানভীরকে উদ্ধারে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এর অংশ হিসেবে মোবাইল ট্র্যাকিং করে অবস্থান নিশ্চিত হয়ে সোমবার রাত আড়াইটার দিকে মাধবপুর থানার এসআই মমিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ কিশোরগঞ্জ সদরের আঞ্জুমান আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করে।
এ সময় অপহরণের মূল পরিকল্পনাকারী মাধবপুর উপজেলার কুটানিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মোশাহিদ এবং তার সহযোগী আমির উদ্দিন ও জাফর ইকবালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড জব্দ করা হয়েছে।