নিজস্ব প্রতিবেদক : উন্নয়ন কাজে সম্পৃক্ত না করার অভিযোগে সিলেট সিটি করপোরেশন-সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর কক্ষে আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলররা তালা ঝুলিয়ে দিয়েছেন।
ঐ কাউন্সিলরদের অভিযোগ, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাউন্সিলরদের পাশ কাটিয়ে নিজেদের ইচ্ছেমতো উন্নয়ন কাজ সহ সিসিকের সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন।
এছাড়া দরপত্র আহ্বান না করে কোটেশনের মাধ্যমে পছন্দ মতো লোকদের দিয়ে উন্নয়ন কাজ করানো হচ্ছে বলেও তারা অভিযোগ করেছেন।
আওয়ামী লীগ সমর্থক ১৩ জন কাউন্সিলর বিকেল ৫টার দিকে তালা ঝুলিয়ে দেন ঐ দুই প্রধান কর্মকর্তার কার্যালয় কক্ষে। তারা বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুমকি দেন।
সিসিকের অন্যান্য কাউন্সিলরও এই আন্দোলনে সম্পৃক্ত হবেন বলে তারা আশা করছেন।