সিলেট বিভাগের উন্নয়নে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : আরিফ

প্রকাশিত March 14, 2026
সিলেট বিভাগের উন্নয়নে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : আরিফ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগের উন্নয়ন হয়।
সিলেট বিভাগের উন্নয়নে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও তিনি জানিয়েছেন।
শনিবার (১৪ মার্চ/২৯ ফাল্গুন) দুপুরে সিলেট মহানগরীর শাহী ঈদগা কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহী ঈদগা ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিভাগের প্রধান প্রধান সমস্যা সমাধানে সব বিভাগের সব মন্ত্রী ও সংসদ সদস্যদের সমন্বয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর সরকার তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি টিমের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখছে। ইতোমধ্যে একজনের মরদেহ দেশে আনা হয়েছে এবং বাকিদের মরদেহও পর্যায়ক্রমে আনা হবে। এছাড়া মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের মরদেহও সংশ্লিষ্ট দেশের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত দেশে আনা হবে।
এবারের ঈদ জামাতের প্রস্তুতি সম্পর্কে শাহী ঈদগা ব্যবস্থাপনা কমিটির মোতাওয়াল্লি আরিফুল হক চৌধুরী জানান, ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিদের জরুরি চিকিৎসাসেবার জন্য মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স, সুপেয় পানির ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এবারের ঈদ জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
শাহী ঈদগা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক কামরান আহমদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহেদ, সহকারী মোতাওয়াল্লি বদরুজ্জামান সেলিম ও আব্দুল মঈন কয়সর ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শাহী ঈদগা ব্যবস্থাপনা কমিটির মোতাওয়াল্লি থেকে সংসদ সদস্য ও সরকারের মন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহী ঈদগা ব্যবস্থাপনার কমিটির পক্ষ থেকে আরিফুল হক চৌধুরীকে জ্ঞাপন করা হয়। তথ্য বিবরণী/পিআইডি সিলেট