লেখাপড়া না জানলে মানুষ যে পদে পদে ভুল করে তার প্রমাণ খালেদা : হানিফ

প্রকাশিত December 31, 2016
লেখাপড়া না জানলে মানুষ যে পদে পদে ভুল করে তার প্রমাণ খালেদা : হানিফ

মৌলভীবাজার প্রতিনিধি : লেখাপড়া জানা না থাকলে মানুষ যে পদে পদে ভুল করে তার জ্বলন্ত প্রমাণ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি তথ্য প্রযুক্তি বুঝেন না বলেই ক্ষমতায় থাকাকালে বিনা পয়সায় পেয়েও বাংলাদেশে সারমেরিন ক্যাবল সংযোগ নেননি। পরবর্তী সময়ে দেড়শ কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে তা নিতে হয়েছিল।
শনিবার রাত ৯টায় মৌলভীবাজারে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মাহবুবুল আলম হানিফ বলেন, তথ্য প্রযুক্তি খাতে দেশ অনেকটা এগিয়ে যাচ্ছে। এখন সবাই ঘরে বসেই বিশ্বের বিভিন্ন দেশের লোকজনের সাথে কথা বলতে পারছে।
মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দীন সিরাজ, অতিরিক্ত সচিব-আইসিটি বনমালি ভৌমিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ও মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান।