মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রবাসী তারেকের মরদেহ গ্রহণ করলেন আরিফ

প্রকাশিত April 3, 2026
মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রবাসী তারেকের মরদেহ গ্রহণ করলেন আরিফ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাহরাইনে নিহত বাংলাদেশী কর্মী এস এম তারেকের মরদেহ দেশে এসেছে।
শুক্রবার (৩ এপ্রিল/২০ চৈত্র) সৌদি আরবের দাম্মাম থেকে আগত গালফ এয়ারের ফ্লাইটে মরদেহটি দেশে আনা হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো নূরুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মরদেহ গ্রহণের পর মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করে জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশী প্রাণ হারিয়েছেন।
তিনি উল্লেখ করেন, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সমন্বিতভাবে নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট দেশগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে মরদেহ আনার প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করছে।
তিনি উল্লেখ করেন যে, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা ও নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা ও বীমার ১০ লাখ টাকা প্রদান করা হবে।
পাশাপাশি নিহতের এলাকার সংসদ সদস্যের সাথে সমন্বয় করে তিনি পরিবারটিকে দীর্ঘমেয়াদী সহায়তার আশ্বাসও দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড এ টি এম মাহবুব-উল করিম। তথ্য বিবরণী