বাংলাদেশ-ভারত সম্পর্ক শ্রদ্ধা ও সম্মানের : ভারতীয় সহকারী হাই কমিশনার

প্রকাশিত February 18, 2026
বাংলাদেশ-ভারত সম্পর্ক শ্রদ্ধা ও সম্মানের : ভারতীয় সহকারী হাই কমিশনার

সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক দাঁড়িয়ে আছে। দুই দেশের জনগণই হবে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দীর্ঘমেয়াদি ও উভয়ের জন্য লাভজনক সম্পর্কের মূল অংশীদার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি/৫ ফালগুন) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
অনিরুদ্ধ দাস আরো বলেন, “আমাদের উচিত ভৌগোলিক-সাংস্কৃতিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তর করা। বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সাংবাদিকরা পারেন এ সর্ম্পককে আরো জোরদার ও দৃঢ় করতে।”
সহকারী হাই কমিশনার দুই দেশের সম্পর্ককে আরো জোরদারে ভিসা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকগণ সিলেটের সাথে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি বিনিময় ও যোগাযোগ নিয়ে সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। সেইসাথে ভারত সরকারের ‘এইড টু বাংলাদেশ’ ও ‘এলওসি’ প্রজেক্টের মাধ্যমে সিলেটের আর্থ সামাজিক উন্নয়নে প্রকল্প গ্রহণের আহবান জানান।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মতবিনিময়কালে সকল বক্তা দুই দেশের ঐতিহাসিক বন্ধনকে আরো সুদৃঢ় করার করার জন্য দ্বিপাক্ষিক সম্পর্কগুলো ফলপ্রসূ করার পক্ষে মতামত দেন।
সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় মতবিনিময়ের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ডেইলি নিউএজের স্টাফ করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মনির।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচারাল সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, সিলেট জেলা প্রেক্লাবের সাবেক সভাপতি দৈনিক আধুনিক কাগজের উপদেষ্টা সম্পাদক আল আজাদ, সাবেক সভাপতি দৈনিক উত্তরপূর্বর নির্বাহী সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, দৈনিক দেশবার্তার সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, ইউএনবির সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক সমকালের সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল, দৈনিক আধুনিক কাগজের প্রধান সম্পাদক ও প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, বিজনেস স্ট্যান্ডার্ডের সিলেট প্রতিনিধি দেবাশীষ দেবু ও চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি দৈনিক উত্তরপূর্বর জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ দৈনিক জৈন্তাবার্তার বার্তা সম্পাদক আনন্দ সরকার, দপ্তর সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সোহেল আহমদ (নবীন সোহেল) ও রাজিব রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ ফটো জার্নালিস্ট মামুন হাসান, আজকের সিলেটডটকম সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, দৈনিক উত্তরপূর্বর জ্যেষ্ঠ প্রতিবেদক অমল কৃষ্ণ দেব, যুগভেরীর সিনিয়র রিপোর্টার রায়হান উদ্দিন, দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়, দৈনিক খবরের কাগজের স্টাফ ফটো সাংবাদিক মামুন হোসেন, বিডিনিউজ২৪ডটকম প্রতিনিধি ভবরঞ্জন মৈত্র বাপ্পা, দৈনিক আধুনিক কাগজের মফস্বল সম্পাদক মো মেহেদী হাসান মিজু, চ্যানেল আইয়ের ভিডিও জার্নালিস্ট সুর্বণা হামিদ, আজকের পত্রিকার সহকারী সম্পাদক এস এম মিজানুর রহমান (মিজান মোহাম্মদ), দীপ্ত টিভির রিপোর্টার জয়ন্ত কুমার দাস, দৈনিক আধুনিক কাগজের স্টাফ রিপোর্টার এম কে তুহিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি