বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।
এ কর্মসূচি পালনকালে অন্তবর্তী সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে আন্দোলনকারীরা আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সারাদেশ থেকে ঢাকায় সমবেত হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুখা মিছিলসহ অবস্থান কর্মসূচি সফলের আহ্বান জানান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি/২০ মাঘ) সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত মৌলভীবাজার পৌরসভার সামনে সেবা বন্ধ রেখে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এই কর্মবিরতি পালন করা হয়।
এতে অংশ নেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন, মৌলভীবাজার পৌর কর্মচারী সংসদ, ১১-২০ গ্রেড ফোরাম, রেজিস্ট্রেশন বিভাগ, উপজেলা ভূমি অফিস, বিটিসিএল, এলজিইডি, বিদ্যুৎ অফিস, জেলা পরিষদ, শিশু একাডেমি, গণপূর্ত বিভাগ ও উপজেলা পরিষদের কর্মচারীগণ।
আন্দোলনকারীরা জানান, গত ৩ দিন সারা দেশে দাবি আদায়ে কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি পালন করা হলেও অন্তবর্তী সরকার নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করায় যমুনা অভিমুখিন ভুখা মিছিলসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছ।
এসময় কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী মো আনোয়ার সাদাত হোসেন ভূঁইয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা উজ্জ্বল চন্দ্র দেব ও উপসহকারী প্রকৌশলী আব্দুল মমিন।