দিরাইতে জলমহাল নিয়ে সংঘর্ষের ঘটনার সাংবাদিক লিটনকে জড়িয়ে মামলার প্রতিবাদ

প্রকাশিত January 20, 2017
দিরাইতে জলমহাল নিয়ে সংঘর্ষের ঘটনার সাংবাদিক লিটনকে জড়িয়ে মামলার প্রতিবাদ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার জারলিয়া জলমহাল নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত হবার ঘটনায় সচিত্র সংবাদ প্রকাশের কারণে দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের বিরুদ্ধে মামলা দায়েরে সাংবাদিক সমাজ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
শুক্রবার দিরাই প্রেসক্লাবের এক জরুরি সভায় এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় জরুরি সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সামছুল আলম, সোয়েব হাসান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাহমুদ হেলাল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সদস্য ইমরান হোসাইন, জাকারিয়া হোসেন জুসেফ প্রমুখ।
বক্তারা বলেন, মঙ্গলবার জারলিয়া জলমহাল দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে ৩ জন নিরীহ লোক নিহত হয়। খবর পেয়ে দিরাইয়ে জিয়াউর রহমান লিটন সহ কর্মরত সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য থানা পুলিশ থেকে শুরু করে হাসপাতালে ছুটাছুটি করেন। তা পুলিশ বাহিনী সহ এলাকার মানুষ প্রত্যক্ষ করেছেন; কিন্তু ঘটনার দুইদিন পর যুবলীগ নেতা একারার হোসেনের দায়েরকৃত মামলায় নির্ভীক সাংবাদিক জিয়াউর রহমান লিটনকে আসামি করায় সকল সাংবাদিক হতভম্ব হয়ে গেছেন।
সাংবাদিকরা বলেন, জিয়াউর রহমান লিটনকে উদ্দেশ্যমূলক ভাবে মামলায় জড়ানো হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয় এবং স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তাই অবিলম্বে এজাহার থেকে জিয়াউর রহমান লিটনের নাম প্রত্যাহারের করতে হবে।