নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নানা অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল রবিবার (৫ এপ্রিল/ ২২ চৈত্র) আনুমানিক সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ দেওয়া, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের (২০০৯) ৩৭, ৪২, ৪৩ ও ৪৫ ধারায় তিতাস হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার, ইমন স্টোরকে ২০ হাজার টাকা ও মোক্তার স্টোরকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।