নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, দলের ২০তম জাতীয় সম্মেলন কেবল দলীয় নেতাকর্মী নয়-সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আগ্রহের সৃষ্টি করেছে।
তিনি আরো বলেছেন, ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচন, জঙ্গি নির্মূল ও উন্নয়ন ধারাকে আরো গতিশীল করার লক্ষ্য সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সম্মেলন সফল করতে মহানগর আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি জানিয়েছেন, ইতোমধ্যে ডেলিগেট ও কাউন্সিলেদের তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় সম্মেলন সফলের আহ্বান জানিয়ে বের করা মহানগর আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মহানগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন।
এর আগে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।