পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাতে মহানগরীর বিভিন্ন স্থানে বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে মহানগরীর সৌন্দর্য নষ্ট না করতে সিলেট সিটি কর্পোরেশনের-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
সিসিকের জনসংযোগ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিসিক প্রশাসক বলেছেন, ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানানোর নামে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানোর প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। এতে মহানগরীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি যান চলাচলে বিঘ্ন ঘটে-অনেক সময় পথচারীদের চলাচলেও সমস্যার সৃষ্টি হয়।
একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক মহানগরী গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে উল্লেখ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, যেখানে সেখানে ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড লাগালে নান্দনিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। তারা চান, সিলেট একটি পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত মহানগরী হিসেবে গড়ে উঠুক।
মহানগরীর সৌন্দর্য রক্ষা করা সিলেট সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়-এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব বলেও তিনি সকলকে স্মরণ করিয়ে দেন।
সিসিক প্রশাসক একই সঙ্গে সবাইকে দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানান।