আহলে সুন্নাত নেতার খুনিদের গ্রেফতার দাবিতে চুনারুঘাটে হরতাল

প্রকাশিত March 23, 2018
আহলে সুন্নাত নেতার খুনিদের গ্রেফতার দাবিতে চুনারুঘাটে হরতাল

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ব্যবসায়ী নেতা ও আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা আবুল হোসেন আকল মিয়া হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে উপজেলা সদরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকে বুধবার সকাল থেকে এ হরতাল পালিত হয়। চুনারুঘাটের ইতিহাসে নজিরবিহীন এ হরতালে ব্যবসায়ীরা সব দোকান বন্ধ রেখে অংশ নেন।
সর্বদলীয় সংগ্রাম পরিষদ সকাল-সন্ধা হরতালের ডাক দিলেও প্রশাসনের অনুরোধে দুপুর ১২টার পর তা প্রত্যাহার করে নেয়। তবে খুনিদের গ্রেফতারের জন্য প্রশাসনকে ১০ দিনের সময় বেঁধে দেয়।
এছাড়া হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতার করা না হলে পরবর্তী সময়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।