নিজস্ব প্রতিবেদক : সিলেটি বিমান যাত্রীদের সাথে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ ও হয়রানি বন্ধ সহ ৬ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহানগরীর মজুমদারী এলাকায় বিমান ভবনের সামনের রাস্তায় এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ সিলেট অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে আটাব সদস্যগণ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এই গণঅবস্থান কর্মসূচি চলাকালে বাংলাদেশ বিমান সিলেটের জেলা ব্যবস্থাপক হেলাল উদ্দিন ও সহকারী ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটাব নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন।
আলোচনাকালে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ আগামী ৭ দিনের মধ্যে স্থানীয় আটাব নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেন।
আটাব সিলেট অঞ্চলের সভাপতি সিলটিভির পরিচালক আব্দুল জব্বার জলিলের নেতৃৃত্বে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসিন আহমদ ও প্রবাসী কমিউনিটি নেতা রানা ফেরদৌস সহ ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।