বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : বৈরী আবহাওয়ার সুযোগে আবারো মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ২০ জনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার (পুশ ইন) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ ব্যর্থ করে দিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে জেলার লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ; কিন্তু বিজিবির তা প্রতিহত করে।
শুক্রবার (২০ নভেম্বর/৫ অগ্রহায়ণ) সকাল পর্যন্ত সেই ২০ নারী-পুরুষকে সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে বসে থাকতে দেখা গেছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন পুশ-ইনের চেষ্টার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির সুযোগে এই প্রচেষ্টা চালানো হয়েছিল; কিন্তু বিজিবির টহল দল তৎপর থাকায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে।
তিনি জানান, সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত এবং সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে। এই ঘটনার পর সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।