বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন উত্তরকুল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার (১০ নভেম্বর/২৫ কার্তিক) জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জকিগঞ্জ উপজেলা প্রশাসন ও বিজিবির যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ, ১৯ বিজিবির সহকারী পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার, বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সীমান্ত এলাকায় সংঘটিত চোরাচালান, মাদক পাচার, মানবপাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন সহ বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা এসব অপরাধের ক্ষতিকর প্রভাব ও আইনগত পরিণতি সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করার পাশাপাশি দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের দায়িত্ব ও করণীয় তুলে ধরেন।
এছাড়া সীমান্ত এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচল, অপরাধমূলক কর্মকাণ্ড এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা সম্পর্কে সতর্ক থাকার জন্য সভায় স্থানীয় জনগণকে পরামর্শ দেওয়া হয়।
একই সঙ্গে চোরাচালান ও মানবপাচার সহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়া এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্র সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিজিবি, পুলিশ অথবা সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার জন্য সভায় আহ্বান জানানো হয়।
সভায় সীমান্ত অপরাধ প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি