পিয়াইন ও ডাউকি নদীতে অভিযান || ধ্বংস করা হলো ড্রেজার সহ নানা সরঞ্জাম

প্রকাশিত November 5, 2026
পিয়াইন ও ডাউকি নদীতে অভিযান || ধ্বংস করা হলো ড্রেজার সহ নানা সরঞ্জাম

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পিয়াইন ও ডাউকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
বুধবার (৪ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ১০টি ড্রেজার মেশিন, ৩টি এক্সকাভেটর, ৩টি জেনারেটর ও ৫টি বারকি নৌকা ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের (১৯৯৫) ৫ ধারা অনুযায়ী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি টায়ার কেটে দেওয়া হয়, ২টি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয় এবং ৮টি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির ও পরিদর্শক মো রোকন মিয়া সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো আবুল কালাম আজাদ জানান, শব্দদূষণকারী ও অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাশাপাশি বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। পিআইডি সিলেট