শাল্লায় ৩০০ লিটার চোলাই মদ সহ এক মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত November 4, 2026
শাল্লায় ৩০০ লিটার চোলাই মদ সহ এক মাদক কারবারি গ্রেফতার

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ মো সোহেল মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ নভেম্বর/১৯ কার্তিক) রাতে উপজেলার বাহাড়া ইউনিয়নের প্রতাপপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে শাল্লা থানা পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
সোহেল মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে শাল্লা থানার এসআই (নি) মো কামাল উদ্দিন ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায়।
অভিযানকালে রাত আড়াইটার দিকে প্রতাপপুর শ্মশানঘাট এলাকা থেকে উল্লেখিত পরিমাণ মদ সহ সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা (মামলা নম্বর-০৩) রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়।
শাল্লা থানার ওসি মোহাম্মদ সোহেল জানান, মাদকের বিরুদ্ধে শাল্লা থানা পুলিশের ‘জিরো টলারেন্স’নীতি বাস্তবায়নে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।