এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সিসিক প্রশাসকের অভিনন্দন

প্রকাশিত August 10, 2026
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সিসিক প্রশাসকের অভিনন্দন

মাধ্যমিক-এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
একই সঙ্গে যেসব শিক্ষার্থী আশানুরূপ ফলাফল করতে পারেনি, সিসিক প্রশাসক তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। যারা কৃতিত্বের সঙ্গে এতে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক এবং অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের মনে রাখতে হবে, একটি পরীক্ষার ফলাফলই জীবনের চূড়ান্ত সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে না। যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ভুল-ত্রুটি বিশ্লেষণ করে আরো মনোযোগী হয়ে প্রস্তুতি নিতে হবে। নতুন উদ্যমে এগিয়ে গেলে ভবিষ্যতে অবশ্যই ভালো ফলাফল অর্জন করা সম্ভব।”
সিসিক প্রশাসক আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদেরকে সৎ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই তাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব পরিবার, শিক্ষক ও সমাজের সবার।”
তিনি এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীর সাফল্যময় ভবিষ্যৎ কামনা করেন।
পাশাপাশি তাদের উচ্চশিক্ষার পথচলা সুন্দর ও সফল হবে বলে আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি