ওসমানী বিমানবন্দরের নিখোঁজ নিরাপত্তা কর্মকর্তা জেলিনের সন্ধান দাবি মায়ের

প্রকাশিত August 1, 2026
ওসমানী বিমানবন্দরের নিখোঁজ নিরাপত্তা কর্মকর্তা জেলিনের সন্ধান দাবি মায়ের

নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো আরিফুল্লাহ জেলিনের (২৬) সন্ধান ৩ সপ্তাহেও পাওয়া যায়নি।
তরুণ এই বিমান কর্মকর্তার সন্ধান দাবিতে পরিবার সংবাদ সম্মেলন করেছে।
শনিবার (১ আগস্ট/১৭ শ্রাবণ) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে আরিফুল্লাহ জেলিনের মা ফরিদা ইয়াসমিন অভিযোগ করেন, তার ছেলের নিখোঁজের সময় নিয়ে থানায় দায়ের করা সাধারণ ডায়েরির-জিডি তথ্যের সঙ্গে তার জানা ঘটনার অসঙ্গতি রয়েছে।
ফরিদা ইয়াসমিন বিষয়টিরনিবিড় তদন্ত এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ বিমানবন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি তার ছেলেকে দ্রুত ও জীবিত উদ্ধারের দাবি জানান।
তিনি উল্লেখ করেন, গত ৮ জুলাই বিমানবন্দর আবাসিক এলাকার কোয়ার্টার থেকে আরিফুল্লাহ জেলিন নিখোঁজ হন। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে ফরিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে তারা ঠাকুরগাঁও থেকে সিলেটে পৌঁছানোর আগেই তার ছেলের সহকর্মী ও বন্ধু পরিচয়ে ধনঞ্জয় কুণ্ডু (পিয়াস) এসএমপির বিমানবন্দর থানায় একটি জিডি করেন (ট্র্যাকিং নম্বর W703Z3 ও জিডি নম্বর ৪২৭), যা ৯ জুলাই নথিভুক্ত হয়। তাতে উল্লেখ করা হয়েছে, আরিফুল্লাহ জেলিন ৮ জুলাই বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে কোনো এক সময় নিখোঁজ হয়েছেন। অথচ ছেলের সাথে তার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কথা হয়েছে।
এই তথ্যগত অসঙ্গতির কারণে তিনি সন্দেহ প্রকাশ করেন, কেউ প্রকৃত ঘটনা জানে।
যিনি জিডি করেছেন তার বক্তব্য সহ সব তথ্য গুরুত্বের সঙ্গে যাচাই করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে তিনি দাবি জানান।
পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়, আরিফুল্লাহ জেলিনের ব্যক্তিগত জীবনে পরিচিত কোনো শত্রু ছিল না। তবে বর্তমান কর্মস্থলে কোনো সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিরোধ বা অন্য কোনো কারণে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন।
সংবাদ সম্মেলনে দ্রুত ও জীবিত অবস্থায় আরিফুল্লাহ জেলিনকে উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তদন্ত ও অভিযান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সক্রিয় সহযোগিতা, বিষয়টি জাতীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানানো হয়।
নিখোঁজ আরিফুল্লাহ জেলিনের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার শীতলপুর গ্রামে। তার উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৭০ কেজি।
কেউ তার অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকলে ০১৭১৬১৪৩৩৭৫ (আবুল কালাম আজাদ) অথবা ০১৭৩৬৭৪২৭২৪ (ফরিদা ইয়াসমিন) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।