জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত কাইয়ুম চৌধুরী

প্রকাশিত August 1, 2026
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত কাইয়ুম চৌধুরী

সিলেট অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার কার্যকরী কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচন করেন। এর মধ্যে আব্দুল কাইয়ুম চৌধুরী ৯২৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন, যা নির্বাচিত সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট।
আব্দুল কাইয়ুম চৌধুরী দীর্ঘদিন ধরে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত। ১৯৯১ সাল থেকে বিভিন্ন সময়ে তিনি সংগঠনের নেতৃত্বে দায়িত্ব পালন করেন। তার উদ্যোগেই রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের নিজস্ব ১৪ তলা ভবন নির্মিত হয়। এছাড়া পূর্বাচলে ১০ কাঠা জমি ক্রয় করা হয়েছে।
নির্বাচনে সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা কামরুল হাসান তরফদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জসীম উদ্দিন আহমদ।
নির্বাচন পর্যবেক্ষণ করেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া আজীবন সদস্য হিসেবে ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচন পর্যবেক্ষণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের মানুষের ঐক্য, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বের বিভিন্ন দেশেও সংগঠনটির শাখা ও কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি