অমৃত জ্যোতি, মধ্যনগর : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আমজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে ভারপ্রাপ্ত আর অস্থায়ী বদলির (ডেপুটেশন) শিক্ষক দিয়েই প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম চলছে।
উপজেলার চামরদানী ইউনিয়নের এ শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৫২সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৯৭-৯৮ সালে সেখানে পাকা ভবন নির্মিত হয়।
এ বিদ্যালয়ে শিক্ষার্থী ৭০ জনের বেশি। অথচ শিক্ষক মাত্র একজন-ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদিয়া আক্তার, যিনি প্রায় ৩ বছর ধরে প্রশাসনিক কার্যক্রম আর পাঠদান দুটিই সামলাচ্ছিলেন।
তারওপর আমজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। কয়েকদিন আগে এক শিক্ষার্থী ও এক অভিভাবকের মাথায় বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। অনেকদিনের চিকিৎসায় তারা সুস্থ হন।
মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী জলুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সেলিনা আক্তার নামে এক শিক্ষককে এখানে ডেপুটেশনে দেওয়া হয়েছে।
মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো দেলুয়ার হোসাইন জানান, আমজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনটির পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের জন্যে ২৮ জুলাই উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় ১০ লাখ টাকা আর্থিক বরাদ্দ চেয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে।