বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে ৮ মাসের এক শিশুর মরদেহ সেফটিক ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, আমির হামজা নামের শিশুটির মা সাবিকুন নাহার সকালে তার স্বামীর পাশে ঘুমন্ত অবস্থায় ছেলেকে রেখে শ্বশুরবাড়িতে যান। এদিকে সকাল ৭টার দিকে শিশুটির পিতা সাব্বির হোসেন ঘুম থেকে উঠে ছেলেকে বিছানায় না দেখে খোজাঁখুজি শুরু করেন। এক পর্যায়ে গুচ্ছগ্রামের আরেক বাসিন্দা নাঈম মিয়া সেফটিক ট্যাংকের কাছে শিশুটির মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে সদর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এই ঘটনায় লালপুর গুচ্ছগ্রামের মৃত নূর মিয়ার
ছেলে মনির হোসেন (৩০), আব্দুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), মনির হোসেনের মা রাবেয়া বেগম (৫৫) ও জাহাঙ্গীর আলমের স্ত্রী আফিয়া বেগমকে (৩৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।