গ্রিন-ক্লিন সিলেট গড়তে বেশি করে গাছ লাগানোর আহ্বান সিসিক প্রশাসকের

প্রকাশিত July 21, 2026
গ্রিন-ক্লিন সিলেট গড়তে বেশি করে গাছ লাগানোর আহ্বান সিসিক প্রশাসকের

সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানুষের প্রকৃতিবিরোধী কর্মকাণ্ডের কারণে পরিবেশ আজ হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্যহীনতা মোকাবিলায় এখনই ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।
মঙ্গলবার (২১ জুলাই/৬ শ্রাবণ) দুপুরে দক্ষিণ সুরমার নছিবা খাতুন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, “আমরা একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কাজ করছি। এই উদ্যোগ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিক—সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।”
তিনি আরও বলেন, নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে সিটি কর্পোরেশনের কর্মীরা দিনরাত ড্রেন ও ছড়া পরিষ্কারের কাজ করছেন। তবে কিছু অসচেতন মানুষ পুনরায় ড্রেন ও ছড়ায় আবর্জনা ফেলায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল আচরণ ছাড়া সুন্দর নগর গড়ে তোলা সম্ভব নয়।”
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ-এফআইভিডিবির সহযোগিতায় ও ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ড-ইউএনডিইএফের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নছিবা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন এফআইভিডিবির সমন্বয়ক আজিম উদ্দিন।
প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামাল, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশীদ, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও খোজারখলা সমাজকল্যাণ সংঘের সভাপতি রুহেল আহমদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, এফআইভিডিবির কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী।
অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।
পরে তিনি দক্ষিণ সুরমার ইছরাব আলী স্কুল অ্যান্ড কলেজ ও ৪০ নম্বর ওয়ার্ডের পালপুর এলাকা পরিদর্শন করেন। সংবাদ বিজ্ঞপ্তি