নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা দেবীর রথযাত্রা মহোৎসব আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।
আর উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই (শুক্রবার) দুপুর একই সময়ে। এই মহোৎসবকে কেন্দ্র করে সিলেটে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সিলেট মহানগরীর রিকাবীবাজারে রথযাত্রা প্রাঙ্গণে ২৫টি দেবালয় ও মন্দির থেকে রথ নিয়ে পুণ্যার্থীরা সমবেত হয়ে রথযাত্রা উদযাপন করবেন।
এদিন রথযাত্রা প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা দেবীর পূজা, আরতী, হরিনাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ, হরিলুট ও ভক্তিমূলক সঙ্গীতসহ নানা আচার সম্পন্ন হবে।
এই মহোৎসব উপলক্ষে রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে ৯ দিনব্যাপী মেলা বসবে। এই মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী রকমারি পণ্য নিয়ে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে পসরা সাজাবেন।
রথযাত্রা মহোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে গত ১১ জুলাই সকাল সাড়ে ১১টায় সিলেট মহানগর পুলিশ কমিশনার-এসএমপি কার্যালয়ে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম। মতবিনিময় সভায় রথযাত্রা মহোৎসবকে সফল ও সার্থক করতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
এবার রথযাত্রায় অংশগ্রহণকারী মন্দির ও দেবালয়গুলো হলো শ্রীশ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া, লামাবাজার; শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির, আম্বরখানা; শ্রীশ্রী রাধাকৃষ্ণ জগবন্ধু বিগ্রহ মন্দির, শিবগঞ্জ; শ্রীশ্রী নৃসিংহ জিউর দেবতা, কালীঘাট; শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউর মন্দির, রাজবাড়ী, মির্জাজাঙ্গাল; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, নয়াবাজার; আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন, যুগলটিলা; শ্রীশ্রী জগন্নাথ মন্দির, নরসিংটিলা; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, কালীঘাট; শ্রীশ্রী মহাপ্রভু মন্দির, নরসিংটিলা; লালাদিঘিরপাড় মণিপুরীপাড়া মহাপ্রভুর মন্দির; লালাদিঘিরপাড়; শ্রীশ্রী মহাপ্রভু মন্দির, সাগরদিঘিরপাড়; শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়া, মাছিমপুর; শ্রীশ্রী জগন্নাথ মন্দির, বড়বাজার; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, সুবিদবাজার; শ্রীশ্রী মহাপ্রভু জিউর আখড়া, লামাবাজার; শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, দক্ষিণকাছ; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, জিন্দাবাজার; শ্রীশ্রী ব্রজনাথ জিউর মন্দির, শিবগঞ্জ; নিম্বার্ক আশ্রম, মির্জাজাঙ্গাল; সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি, লামাবাজার, শ্রীশ্রী মহাপ্রভু আখড়া, পনিটুলা; শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, বহর নোয়াগাঁও; শ্রীশ্রী রাধামাধব জিউর মন্দির, ইসকন, কৃষ্ণপুর, গোটাটিকর ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, আখালিয়া, নতুন বাজার, সিলেট।
রথযাত্রা মহোৎসব সফলে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত কুমার সিংহ সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ আশা প্রকাশ করেছেন, এবারের বথযাত্রা মহোৎসব সকল মানুষের অংশগ্রহণে চমৎকার এক মিলনমেলায় পরিণত হবে।