শাল্লায় নিয়ম-নীতি উপেক্ষা করে বিদ্যালয়ের মূল্যবান গাছ কাটলেন প্রধান শিক্ষক

প্রকাশিত July 11, 2026
শাল্লায় নিয়ম-নীতি উপেক্ষা করে বিদ্যালয়ের মূল্যবান গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে বিদ্যালয়ের লক্ষাধিক টাকা মূল্যের ১৩টি মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
আরও অভিযোগ পাওয়া গেছে, কোনো প্রকার দরপত্র আহ্বান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গাছগুলো কেটে অন্যখানে নিয়ে রাখা হয়েছে।
সরেজমিনে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বড় ট্রাক্টরে করে কেটে রাখা বিশালাকৃতির গাছগুলো সরিয়ে নেওয়ার সময় ঘটনাটি প্রকাশ পায়। এসময় গাছ পরিবহন কাজে নিয়োজিত শ্রমিকেরা জানায়, প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলালের নির্দেশেই তারা গাছগুলো করাত কলে নিয়ে যাচ্ছে। পরবর্তী সময়ে স্থানীয় মুসলিম পাড়ায় মফিজ নামের এক শ্রমিকের বাড়ির সামনে বিদ্যালয়ে সেই কাটা গাছগুলো রাখা হয়।
শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি সঞ্জীব আলীর ছেলে আব্দুল মান্নান অভিযোগ করেন, এর আগেও প্রধান শিক্ষক ইচ্ছামতো বিদ্যালয়ের মূল্যবান গাছ কেটে ব্যক্তিগত আসবাবপত্র বানিয়েছেন। তিনি কোনো নিয়মনীতির তোয়াক্কা করেন না।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ‘কল রিসিভ’ করেননি।
অন্যদিকে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি এড়িয়ে গিয়ে সংবাদদাতার সাথে সাক্ষাতে কথা বলার প্রস্তাব দেন।
এ প্রসঙ্গে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, বিষয়টি তিনি মাত্র অবগত হয়েছেন। এর সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।