নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও পরিবেশ অধিদপ্তর সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
পরিবেশ অধিদপ্তর, সিলেটের সহায়তায় র্যাব-৯, সদর কোম্পানি সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (৩ মার্চ) আনুমানিক সকাল ১১টা থেকে বিকেল ৩টা এ অভিযান চালায়।
অভিযানকালে জেলার এ দুই উপজেলায় ইট তৈরির জন্যে কৃষি জমি, পাহাড় বা টিলা হতে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসাবে ব্যবহার এবং জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মজা পুকুর, খাল, বিল, খাঁড়ি, দিঘি, নদ-নদী, হাওর, বাওর, চরাঞ্চল অথবা পতিত জায়গা হতে মাটি কেটে বা সংগ্রহ করে ইট প্রস্তুত করার দায়ে মেসার্স প্লাটিনাম ব্রিকস, সিলেটকে ১ লাখ টাকা, মেসার্স দেশ ব্রিকস, সিলেটকে ২ লাখ টাকা ও সিরাজ উদ্দিন চৌধুরী ব্রিকস ফিল্ড, সিলেটকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।