স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) জনবান্ধব সব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অনুমোদনের আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ/১৮ ফাল্গুন) সকালে নগর ভবনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী বলেন, মানুষের সুবিধা ও কল্যাণের বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই প্রতিটি প্রকল্প অবশ্যই জনবান্ধব হতে হবে। নাগরিকদের সরাসরি উপকারে আসে-এমন প্রকল্পগুলো অগ্রাধিকার দিয়ে দ্রুত অনুমোদনের ব্যবস্থা করা হবে।
সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, নগরে প্রবেশের সময় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন দেখা গেছে।
এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি সরকারের ওপর নির্ভরতা কমিয়ে সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
মীর শাহে আলম মহানগরীর ছড়া ও খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিসিকের অধীনে সিটি ওয়াসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন।
পাশাপাশি তিনি সড়ক সংস্কার কাজে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে বর্তমান প্রশাসনের ওপর আস্থা রেখেছে। সেই প্রত্যাশা ধারণ করেই নগর উন্নয়নে কাজ করতে হবে।
সিলেটকে দেশের অন্যতম দৃষ্টিনন্দন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সিসিক প্রশাসক বলেন, বাসযোগ্য আধুনিক নগর গড়তে সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও জরুরি। নাগরিকদের সহযোগিতা ছাড়া একটি সুন্দর নগর গড়ে তোলা সম্ভব নয়।
মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার চলমান ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিসিকের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী সিলেট সার্কিট হাউসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ও হজরত শাহজালাল (র) মাজার জিয়ারত করেন।
এছাড়া তিনি রিকাবীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়াম, ধোপাদিঘিরপাড় ওয়াকওয়ে ও জেল কলোনি এলাকা পরিদর্শন করেন। পিআইডি সিলেট